শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক জাভেদ

যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন করেছে বাংলাদেশ পেটেন্ট অফিস।
ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক জাভেদ

অনলাইন ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন করেছে বাংলাদেশ পেটেন্ট অফিস। গতকাল রোববার এ অনুমোদন দেওয়া হয়।

ন্যানোটেকনোলজি গবেষক ড. জাভেদ জানান, ২০২১ সালে তিনি পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। পাঁচ বছরের বেশি সময় আবেদনটির অনুমোদন মেলেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রক্রিয়াটি এগিয়ে যায় বলে জানান তিনি।

ড. জাভেদ বলেন, ন্যানো ইউরিয়া কার্যকরভাবে প্রয়োগ করা গেলে সারের ব্যবহার-দক্ষতা বাড়বে, অপচয় কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং ফলন বাড়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত সার ব্যবহারের কারণে পরিবেশের ওপর বাড়তি চাপও কমতে পারে বলে তিনি জানান।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এই প্রযুক্তি কৃষকের উৎপাদন খরচ কমাতে পারে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ইউরিয়া আমদানির ওপর নির্ভরতা কমাতেও এটি ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্য গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনমূলক কাজে অনুপ্রেরণা জোগাবে।

ড. জাভেদ কেমিকৌশল বিভাগের অধ্যাপক। ২০১৩ সাল থেকে তিনি যবিপ্রবিতে নিজস্ব গবেষণাগার পরিচালনা করছেন। তাঁর প্রতিষ্ঠিত ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (ন্যাম) ল্যাবে ন্যানোটেকনোলজি ও উন্নত উপকরণ নিয়ে গবেষণা চলছে।

ড. জাভেদ জানান, উদ্ভাবনটির কার্যকর বাণিজ্যিকীকরণ, কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে প্রযুক্তিটি পৌঁছে দেওয়া এবং কৃষি ও শিল্প খাতে এর সম্ভাবনা কাজে লাগানোই এখন তাঁর লক্ষ্য।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box