
অনলাইন ডেস্ক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় সর্বসম্মতিক্রমে কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের জাতীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৭ নভেম্বর বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। একই দিন জেলা ও মহানগর পর্যায়ে এবং ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র্যালি আয়োজন করা হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিও পালন করবে।
৬ নভেম্বর বেলা ৩টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যুবদল ১০ নভেম্বর, শ্রমিক দল ৫ নভেম্বর, কৃষক দল ৯ নভেম্বর সকাল ১১টায় এবং জাসাস ৯ নভেম্বর বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করবে। জাসাসের কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
ছাত্রদল ৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভা করবে। ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে। কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন