
অনলাইন ডেস্ক: মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
২৭ অক্টোবর বান্দরবানের থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ন আয়োজিত ‘থানচি মহিলা ফুটবল দলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনে তরুণদের পাশাপাশি নারী খেলোয়াড়রাও সুনাম বয়ে আনছেন। পার্বত্য চট্টগ্রামের নারী ক্রীড়াবিদরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ফুটবলে দক্ষতার পরিচয় দিচ্ছেন।
তিনি বলেন, স্কুল পর্যায় থেকে নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ নিশ্চিত করা গেলে নারী খেলোয়াড়দের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতির মানসিকতা গড়ে উঠবে। এভাবে নারী ক্রীড়াবিদদের আরও দক্ষ করে গড়ে তুলে দেশের জন্য কৃতিত্ব অর্জনের পথ সুগম করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে থানচি মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মন্ত্রী। পুরস্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন