শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কাপ্তাইয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাইয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

অনলাইন ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, র‌্যালি, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, বাল্যবিবাহ প্রতিরোধের অঙ্গীকার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের (ডব্লিউজিইআইই) উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

‘মেয়েশিশুর অধিকারে বিনিয়োগ করুন’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. ইব্রাহিম।

সভায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই থানার উপপরিদর্শক মো. হেলাল, জেলা পরিষদের উপজেলা এডুকেশন ফেসিলেটর মংসিং উ মারমা, মহিউদ্দিন মহিম, সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। বাল্যবিবাহ বন্ধ, মেয়েশিশুদের জন্য বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ তৈরি এবং তাদের অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box