শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ডেসকোর সাবেক এমডি শামীম আহমেদের বিরুদ্ধে জমি দখল ও অবৈধ সম্পদের অভিযোগ

ডেসকোর সাবেক এমডি শামীম আহমেদের বিরুদ্ধে সরকারি খাল ও জমি দখল, অবৈধ সম্পদ অর্জন এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।
ডেসকোর সাবেক এমডি শামীম আহমেদের বিরুদ্ধে জমি দখল ও অবৈধ সম্পদের অভিযোগ

অনলাইন ডেস্ক: ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের বিরুদ্ধে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর সংলগ্ন সরকারি খালের জমি ও স্থানীয়দের জায়গা জোরপূর্বক দখল করে তিনি গড়ে তুলেছেন একটি বিশাল ১৭ তলা ভবন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের আড়ালে এমন অঢেল সম্পদের পাহাড় গড়ে তোলা এবং জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এবং চট্টগ্রামে পৃথক মামলাও রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য কাজে লাগিয়ে শামীম আহমেদ বিভিন্ন সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। সে সময় বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তাঁর বিরুদ্ধে ওঠে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও তাঁর প্রভাব বিস্তারের কৌশল অব্যাহত ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর গঠিত ইউনুস সরকারের মেয়াদে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের মাধ্যমে তিনি ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদ পান বলে একাধিক সূত্রের বরাত দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পর নিজেকে বিএনপি সমর্থক হিসেবে উপস্থাপন করে প্রশাসনিক পদে বহাল থাকার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন

মামলা ও অভিযোগের বিষয়গুলো সামনে থাকা অবস্থায় শামীম আহমেদের ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, খাসজমি দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন এবং তদন্তকারী সংস্থাগুলোর নজরে আনার দাবি উঠেছে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box