
অনলাইন ডেস্ক: ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪৩ নম্বর উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামসুল আলমের বিরুদ্ধে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়া, বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট পড়ানো এবং নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, শিক্ষক শামসুল আলম নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না। কখনো বিদ্যালয় চলাকালে দেরিতে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে পাঠদান শেষ না করেই চলে যান। তাঁদের অভিযোগ, এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষক মো. শামসুল আলমের সঙ্গে কথা বলা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, তাঁকে মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন, ক্লাস নেন এবং দায়িত্ব পালনে কোনো ফাঁকি দেন না। তিনি প্রাইভেট পড়ান, তবে বিদ্যালয়ের নির্ধারিত সময়ে নয়; বিকেলে প্রাইভেট পড়ান বলে জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহেল বলেন, শামসুল আলম নিয়মিত বিদ্যালয়ে আসেন এবং ক্লাস নেন। তাঁর দায়িত্ব পালনে কোনো ফাঁকি নেই বলেও দাবি করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও যথাযথ পাঠদান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম শর্ত। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন