
অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে জানানো হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সারা দেশে নজরুল বর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বক্তারা বলেন, নজরুলের দর্শন, সৃষ্টি ও সংস্কৃতিকে সর্বমহলে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গায় নজরুল বর্ষের কর্মসূচি পালন করা হচ্ছে।
মূল প্রবন্ধে ড. মুন্সি আবু সাইফ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, কবিতা, গান ও সাহিত্যের মাধ্যমে নজরুল সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, স্বাধীনতা ও সমতার বাণী ছড়িয়ে দিয়েছেন। তাঁর সাহিত্য সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, নজরুল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাঁর সাহিত্যকর্মে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের মুক্তির আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ফুটে উঠেছে। আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গবেষণার মাধ্যমে নজরুলের সাহিত্য, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন নেজারত ডেপুটি কালেক্টরেট মির্জা শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, সংস্কৃতি কর্মী এম আলাউদ্দিন, কাজল মাহমুদ, তুহিন সুলতানা, গণমাধ্যম কর্মী বিপুল আশরাফ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
পরে নজরুল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সেমিনার শেষ হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত