শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ফুটপাত দখলদারদের চিহ্নিত করতে নির্দেশ আদালতের

চাঁদপুরের বাবুরহাট এলাকায় ফুটপাত ও সড়ক বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে দখলদারদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
ফুটপাত দখলদারদের চিহ্নিত করতে নির্দেশ আদালতের

অনলাইন ডেস্ক: চাঁদপুরের বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত জমি ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ১২ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত করে অবৈধ স্থাপনা ও দখলদারদের পরিচয় উল্লেখ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুর রহমান স্বাক্ষরিত আদেশে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে এই নির্দেশ দেওয়া হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ।

আদালতের আদেশে বলা হয়েছে, গত ২৪ আগস্ট চাঁদপুর পৌরসভার বাবুরহাট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তবে চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজারসংলগ্ন পশ্চিম পাশে সড়ক বিভাগের জমি ও ফুটপাত দখল করে পুনরায় বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাবুরহাটে সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছে। সরকারি জমি উচ্ছেদের পর পুনরায় দখল এবং সড়ক-ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও আদেশে উল্লেখ করা হয়।

সরকারি জমি দখলমুক্ত করে যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত। নির্দেশ অনুযায়ী, আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট এলাকার অবৈধ স্থাপনা চিহ্নিত করে দখলদারদের নাম-ঠিকানাসহ বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box