
অনলাইন ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৃহস্পতিবার সকালে মায়ের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ বোন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ফুলপুর সড়কের পশ্চিম তালদিঘী এলাকায় ঘটে।
নিহতরা হলো আরবিয়া (৮) ও রাবিয়া (৬)। তারা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তাঁর সঙ্গে দুই মেয়েও ছিল। তারা পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফুটেজে মায়ের সঙ্গে দুই শিশুকে সড়কের পাশ দিয়ে হাঁটতে দেখা যায়। পরে পেছন থেকে আসা কাভার্ডভ্যানটি তাদের চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন