শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ পর্যালোচনায় অংশীজনদের মতামত নিয়েছে বিএসইসি। সভায় খাতের উন্নয়ন, বিনিয়োগকারীদের সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

অনলাইন ডেস্ক: মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং নিয়ন্ত্রক কাঠামো আরও কার্যকর ও বাজারবান্ধব করার লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ পর্যালোচনায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৮ অক্টোবর) বিএসইসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কমিশনের কমিশনার, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, ডিএসই, সিএসই, সিডিবিএল এবং নিবন্ধিত বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও কাস্টডিয়ানসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় ‘রিভিউ অন দ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) রুলস, ২০২৫’ শীর্ষক উপস্থাপনা দেওয়া হয়। বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান নির্বাহী পরিচালক মো. মাহমুদ হক উপস্থাপনাটি পরিচালনা করেন।

উপস্থাপনায় বিদ্যমান মিউচুয়াল ফান্ড বিধিমালার বিভিন্ন দিক এবং সম্ভাব্য সংশোধন ও পরিবর্তনের ক্ষেত্রগুলো তুলে ধরা হয়। পরে অংশীজনদের কাছ থেকে বিধিমালার বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ নেওয়া হয়।

সভায় মিউচুয়াল ফান্ড খাতের বিকাশ, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বিধিমালাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করার বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, অংশীজনদের মতামত কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুসরণ এবং সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে বিধিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে আবেগী বা যুক্তিহীন সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, টেকসই ও বিনিয়োগবান্ধব করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। শুধু খুচরা বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগ শিক্ষা ও আর্থিক সাক্ষরতার ওপর গুরুত্ব দিয়ে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান, সচেতনতা ও সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box