
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকেরা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে।
ঋণের সুদসহ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে। ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া কৃষকদের মূল ঋণের ওপর জমা হওয়া সম্পূর্ণ আসল ও সুদ মওকুফ করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজার মন্দার মধ্যে থাকা কৃষকেরা ঋণ পরিশোধের চাপ থেকে মুক্ত হয়ে নতুন করে কৃষিকাজে মনোযোগ দিচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, এই উদ্যোগের ফলে কৃষকেরা চড়া সুদের মহাজনি ঋণ থেকে বের হয়ে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরতে পারবেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বাসসকে বলেন, সুদসহ কৃষিঋণ মওকুফ প্রান্তিক কৃষকদের জন্য বড় সহায়তা এবং এটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি কৃষকদের টেকসই স্বাবলম্বী করতে উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণ নিশ্চিত করা ও ভর্তুকির ক্ষেত্রে কৃষিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।
তবে অধ্যাপক আবু আহমেদের মতে, শুধু ঋণ মওকুফে কৃষকদের সব সমস্যার সমাধান হবে না। উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় কৃষিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে।
যশোর সদর উপজেলার কৃষকেরাও এই উদ্যোগে স্বস্তির কথা জানিয়েছেন। দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গলী গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, ১০ হাজার টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় তিনি দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন। ঋণ মওকুফ হওয়ায় বাড়ির গাছ বা গোয়ালের গরু বিক্রি করতে হয়নি।
চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের কৃষক মো. মহিউদ্দিনও জানান, ঋণ পরিশোধে অক্ষম হয়ে তিনি চাপের মধ্যে ছিলেন। ঋণ মওকুফের ফলে তিনি স্বস্তি পেয়েছেন।
দেশব্যাপী কর্মসূচির সিংহভাগ সুবিধা দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটি ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকা কৃষিঋণ মওকুফ করেছে। বাকি ৭ লাখ ২৪ হাজার ৮০৩ জন কৃষক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অন্যান্য রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সুবিধা পেয়েছেন। তাদের জন্য প্রায় ৭৪৭ কোটি ৯৩ লাখ টাকা মওকুফ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে, যা আগের অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ বেশি।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন