
অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞার ২২ দিনে পদ্মায় যৌথ অভিযানে ৯ লক্ষ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ছিল।
লৌহজং মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার সময়ে পদ্মার লৌহজং অংশে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান চালায়। অভিযানে ২৪১ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। গ্রেফতার ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলার ৪ হাজার ১০৩টি জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১০২.৫৭৫ মেট্রিক টন ভিজিএফের চাল দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত