শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইন ও এসএমএস পদ্ধতিতে

আজ শনিবার বেলা ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইন ও এসএমএস পদ্ধতিতে

অনলাইন ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর পরীক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর দেশের সব বোর্ডের পরীক্ষার্থীরা একযোগে ফল দেখতে পারবেন। রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করেও সম্পূর্ণ ফল পাওয়া যাবে।

যৌথ ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল ও মার্কশিট ডাউনলোড করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফলের শিট সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল নিতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—এইচএসসি, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও ২০২৬। এরপর মেসেজটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, HSC Dha ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠানোর কথা জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, শিক্ষার্থীরা যাতে সহজে ও ভোগান্তি ছাড়াই দ্রুত ফল জানতে পারেন, সে জন্য অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল বিতরণ করা হবে না।

প্রকাশিত ফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। এ-সংক্রান্ত নিয়মাবলি ও ফি প্রদানের প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box