
অনলাইন ডেস্ক: ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ আগে ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াতও একইভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তার দাবি, দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত এ ধরনের বৈঠকের কথা অস্বীকার করলে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান রাশেদ খাঁন।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে তারা গোপালগঞ্জ হয়ে খুলনায় যাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করবে। জামায়াতের নেতাকর্মীরা গোপালগঞ্জে পথসভা করবে না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ে সেখানে পথসভা না করা গ্রহণযোগ্য নয়। গোপালগঞ্জে পথসভা করে জামায়াতকে নৈতিকতার পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত নেতাদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, তারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতে দেশটির গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন। তাঁর ভাষায়, এটি আধিপত্যবিরোধী রাজনীতি হতে পারে না।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে, মানুষ জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিষয়ে সচেতন হয়েছে। ওই এলাকার মানুষ দলটির বিভ্রান্তিকর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত