
অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (৩১ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য। তাই আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ। বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, পরিবারের কোনো সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত মানুষ সচেতন হয়। তবে মশার বিস্তার ঠেকাতে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অনেকে গুরুত্ব দেন না। চিকিৎসকদের মতে, ডেঙ্গু প্রতিরোধ করা যতটা সহজ, আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া তার চেয়ে কঠিন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় হাসপাতালটি মূলত এলাকার মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিল। বর্তমানে সারা দেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসাসুবিধার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসার সুযোগও বেড়েছে।
এলাকার সাধারণ মানুষ হাসপাতালটির ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি ড্যাবের নেতাদের প্রয়োজনীয় জনবল ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে হাসপাতালটি এলাকার মানুষকে সর্বোচ্চ সেবা দিতে পারে। হাসপাতালটির সুনাম ধরে রাখতে সহযোগিতা অব্যাহত রাখারও অনুরোধ করেন তিনি।
সরকারি দায়িত্ব পালনের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে শুধু তখনই পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সচেতনতার উদ্যোগ নেওয়া উচিত নয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বে অবহেলা করলে সরকার কাউকে ছাড় দেবে না বলেও সতর্ক করেন তিনি।
সূত্র: Daily Amader Matribhumi
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত