শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সমন্বিত উদ্যোগে এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্তে বাংলাদেশ ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি উত্তরণের প্রস্তুতি নেওয়ার অতিরিক্ত সময় পেল।
সমন্বিত উদ্যোগে এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: সমন্বিত উদ্যোগে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দেওয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ অক্টোবর নিউইয়র্ক সময়ে এ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পেল।

সরকারের এক বছরের সমন্বিত উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক আলোচনা ও দর-কষাকষি এবং ব্যবসায়ী মহলের সহযোগিতায় এ সিদ্ধান্ত এসেছে। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনসহ সংশ্লিষ্ট পক্ষগুলো এ উদ্যোগে যুক্ত ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সরকার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা, আনুষ্ঠানিক যোগাযোগ এবং অর্থনৈতিক যুক্তি তুলে ধরে অতিরিক্ত সময় চেয়ে আসছিল। দেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প খাতে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে পরিকল্পিত ও টেকসইভাবে উত্তরণ নিশ্চিত করাই ছিল এর লক্ষ্য।

নেপালের সঙ্গে যৌথ উদ্যোগ, জি-৭৭ জোটের আনুষ্ঠানিক সমর্থন এবং বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এ প্রক্রিয়ায় ভূমিকা রাখে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জি-৭৭-এর কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এবং সাধারণ পরিষদে ধারাবাহিকভাবে বিষয়টি উত্থাপন করা হয়। ২১ জুলাই ইকোসক সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ও নেপালের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের বিষয়ে সাধারণ পরিষদকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়।

বর্ধিত সময়কে কাজে লাগিয়ে সামষ্টিক অর্থনীতির ভিত্তি শক্তিশালী করা, ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার, জ্বানি নিরাপত্তা নিশ্চিত করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং নতুন বাণিজ্য চুক্তির সুযোগ তৈরি হয়েছে। তবে ২০২৯ সালের ২৪ নভেম্বরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়ন করে অর্থনীতিকে আরও সহনশীল ও শক্তিশালী করা সরকারের বড় চ্যালেঞ্জ।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box