শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক: সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবিহ উদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব ও রাষ্ট্রদূত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সাবিহ উদ্দিন আহমেদ বাংলাদেশের জনপ্রশাসন, কূটনীতি ও রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ, নিষ্ঠাবান ও আদর্শনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ সরকারের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক দেশে কূটনীতিক হিসেবে সাবিহ উদ্দিন আহমেদ দক্ষতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও ভাবমূর্তি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রাজনীতিতে তার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন ও আদর্শে বিশ্বাসী সাবিহ উদ্দিন আহমেদ সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন। আমৃত্যু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দলকে সমৃদ্ধ করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশসেবা, সততা, রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মনিষ্ঠার যে দৃষ্টান্ত সাবিহ উদ্দিন আহমেদ রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুম সাবিহ উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ২০২২ সালের ৩১ অক্টোবর ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box