শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ড গঠন কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মজুরি বোর্ড গঠন কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী

অনলাইন ডেস্ক: গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে, তাই শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শ্রমিক নেতাদের সঙ্গে গতকাল পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারাও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। বোর্ডে শ্রমিক প্রতিনিধিও রাখা হয়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও সংগঠন দুটির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন বলে মন্ত্রী জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে তাদের উত্তেজিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। প্রকৃত শ্রমিক এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিষয়ে গণমাধ্যমকে ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা না গেলে মালিকপক্ষ অর্থ পাবে না, ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা হতে পারে।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার ও মালিকপক্ষ উদ্যোগ নিয়েছে। গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএ’র সহসভাপতি মিজানুর রহমান, রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box