রাজু হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় এক কিশোরকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল বখাটের বিরুদ্ধে।গত ৬ এপ্রিল করমতলা দেওয়ান বাড়ি মাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোসাঃ রুমা আক্তার বাদী হয়ে ৭ এপ্রিল পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন— মোঃ হামজা (১৬), মোঃ মীর মেহেদী (১৭), হোসাইন (২০), নিলয় (১৮) এবং মুসা (১৮)। তারা সবাই স্থানীয় করমতলা ও মাজুখান এলাকার বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়, এর আগে ৫ এপ্রিল অভিযুক্তরা একই এলাকার রাজন দেওয়ান (১৭) নামের এক কিশোরকে মারধর করে। পরদিন ৬ এপ্রিল সকাল ১১টার দিকে রুমা আক্তারের ছেলে হাবিবুল ইসলাম (১২) স্থানীয় মাজারের পাশে গেলে অভিযুক্তরা তাকে আটক করে। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।এক পর্যায়ে লোহার রড দিয়ে তার ডান পায়ে এবং ছুরি দিয়ে বাম হাতের কবজিতে আঘাত করা হয়। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে।আহত হাবিবুল ইসলামকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।ভুক্তভোগীর মা রুমা আক্তার অভিযোগ করে বলেন, অভিযুক্তরা এলাকায় উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তারা প্রায়ই স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে মারধর করে। তিনি সন্তানের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।এ বিষয়ে পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





মন্তব্য করুন