শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরে ‘মিড ডে মিল’ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

চাঁদপুরে ‘মিড ডে মিল’ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চালু হওয়া সরকারি ‘মিড ডে মিল’ কর্মসূচি চাঁদপুর সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। নির্ধারিত পুষ্টিকর খাবারের পরিবর্তে কাঁচা কলা বিতরণ, টিফিন সরবরাহে অনিয়ম এবং সময়মতো খাবার না দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রত্যাশী’র বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে শহরের ৬২ নং গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কাঁচা কলা বিতরণ করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, এসব কলায় অস্বাভাবিকতা রয়েছে এবং এতে রাসায়নিক ব্যবহারের আশঙ্কাও করছেন তারা।

সরকারি নির্দেশনা অনুযায়ী বনরুটি, সেদ্ধ ডিম ও ইউএইচটি দুধ সরবরাহের কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কখনো কলা দেওয়া হলেও রুটি দেওয়া হয়নি, আবার কখনো রুটি থাকলেও অন্যান্য খাবার অনিয়মিতভাবে সরবরাহ করা হয়েছে।

এদিন গুনরাজদী বিদ্যালয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিস্কুট বিতরণ না হওয়ার ঘটনাও দেখা গেছে। অভিযোগ রয়েছে, সরবরাহকৃত কিছু কলা পরে ফেরত নেওয়া হয়।

এর আগেও নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর প্রকাশিত হলেও কার্যকর তদারকির অভাবে একই অনিয়ম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রত্যাশী’র বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box