বিশেষ প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং অসাংগঠনিক আচরণের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বহিষ্কৃতরা হলেন— আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ৩০ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন দেশব্যাপী শোকাবহ পরিবেশে কর্মসূচি চললেও সোনামুখী ইউনিয়নের ওই দুই নেতা দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে ভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন বলে অভিযোগ ওঠে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকের এই দিনে দলীয় কর্মসূচি বর্জন করে তারা জেলা বিএনপির শীর্ষ নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়।জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধানের নির্দেশে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অসাংগঠনিক ও অনৈতিক কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তাই ৩০ মে’র ঘটনার প্রেক্ষিতে তাদের উভয়কে দল ও ইউনিয়ন বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।এদিকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বহিষ্কৃত দুই নেতার মুঠোফোন বন্ধ পাওয়া যায়, ফলে তাদের বক্তব্য জানা যায়নি।জয়পুরহাট জেলা বিএনপির নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।





মন্তব্য করুন