নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের কয়েকটি জেলায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ মোট ছয় জেলায় সোমবার থেকেই সেনাবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনকে সহায়তার লক্ষ্যে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।প্রশাসন সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীগুলো মাঠপর্যায়ে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





মন্তব্য করুন