জাতীয় বাজেটে বিড়ির দাম বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, মানুষ যেন বিড়ি, মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকে, সে লক্ষ্যেই সরকার দাম বাড়িয়েছে।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের আগের দিনের বিড়ির দাম কমানোর বক্তব্যের প্রসঙ্গ টেনে মুজিবুর রহমান বলেন, “মানুষ যেন বিড়ি না খায়, নেশাদ্রব্য না খায়, মদ না খায়—সেজন্যই প্রধানমন্ত্রী দাম বাড়িয়েছেন। এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।”তিনি আরও বলেন, ইসলামি অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সুদমুক্ত ব্যবস্থা এবং জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। বাজেট বক্তৃতায় ‘জাকাত’ শব্দের উল্লেখ না থাকায় সমালোচনা করে তিনি বলেন, ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় নানা বিষয় থাকলেও জাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই।ঋণনির্ভর অর্থনীতির সমালোচনা করে মুজিবুর রহমান বলেন, ঋণ করা যেতে পারে, তবে ঋণের বোঝা রেখে যাওয়া উচিত নয়। দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে অর্থনীতি পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।





মন্তব্য করুন