শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া শ্রমিককে দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া শ্রমিককে দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করল ফায়ার সার্ভিস

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের শতরং পাড়া গ্রামে প্রায় ৫০ ফুট উঁচু একটি গাছে কাজ করতে গিয়ে বিপাকে পড়েন আজিজুল হক (৫০) নামে এক শ্রমিক। গাছ কাটার সময় তার হাত গাছের ফাঁকে আটকে গেলে দীর্ঘ সময় তিনি গাছের ওপরেই আটকে থাকেন। পরে প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানে তাকে নিরাপদে নিচে নামায় ফায়ার সার্ভিস।

রোববার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাছ কাটার সময় হঠাৎ আজিজুল হকের হাত গাছের ফাঁকে আটকে যায়। ফলে তিনি ভারসাম্য হারিয়ে গাছের ওপরেই আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে বিষয়টি পঞ্চগড় ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর গাছের ফাঁদে আটকে থাকা হাত মুক্ত করে আজিজুল হককে নিরাপদে নিচে নামানো হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আহত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ উদ্ধার অভিযানের প্রশংসা করেছেন। তাদের মতে, সময়মতো উদ্ধারকারী দল না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box