
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়। পুলিশের দাবি, তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন।
বুধবার (২৯ জুলাই) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের ঝিকরগাছার ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম জেলা পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে রাতেই চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন জানিয়েছেন, তারা বেনাপোল সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।
পুলিশ জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা না পেয়ে তার সহযোগীরা ওই প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এর আগে গত রোববার চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম মহানগর পুলিশ।
পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়।





মন্তব্য করুন