
হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারার মধ্যেই হামলার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এনসিপি। পথে একাধিকবার পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ তুলে প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে অনলাইনের মাধ্যমে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ জমা দেন দলটির নেতারা।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে অভিযোগটি দাখিল করা হয়। এতে বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।
অভিযোগ দাখিলের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এজাহারে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ জমা দেওয়ার পর নাহিদ ইসলাম বলেন, ‘রাতের মধ্যেই যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়, তাহলে অন্তত আইনের শাসনের কিছুটা প্রতিফলন দেখা যাবে। অন্যথায় সরকারকে জনগণ ভিন্নভাবে মূল্যায়ন করবে।’
এর আগে বুধবার বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশের বাধার মুখে পড়েন। পরে তারা এগিয়ে গেলেও হবিগঞ্জের মিরপুর এলাকায় আবারও পুলিশি বাধা দেওয়া হয়। একপর্যায়ে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশের তত্ত্বাবধানে এনসিপির পাঁচ নেতাকে অভিযোগ দায়েরের জন্য কামাইছড়া পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
হামলার ঘটনার জেরে উত্তেজনা
এনসিপির অভিযোগ, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় পদযাত্রা শেষে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন। হামলার প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
১৪৪ ধারা জারি প্রশাসনের
এদিকে, এনসিপি ও বিএনপির ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের জারি করা আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রাসহ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।





মন্তব্য করুন