
অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত ২০২৬-২০৩১ মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মসূচি আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং জাতিসংঘের সঙ্গে আরও জোরালো অংশীদারত্বে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে গুরুত্ব দেয় এবং অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদারে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নিতে ভূমিকা রাখায় তিনি জাতিসংঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়া ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের প্রশংসা করেন।
বৈঠকে সম্প্রতি সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো নিয়েও আলোচনা হয়। এর মধ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়।
রোহিঙ্গা সংকট
রোহিঙ্গা সংকটে জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনই এই সংকট সমাধানের একমাত্র স্থায়ী পথ।
ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘের কান্ট্রি টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন