
অনলাইন ডেস্ক: খুলনায় সাংবাদিকতায় গৌরবোজ্জ্বল ৪০ বছর পূর্ণ করা খুলনা প্রেসক্লাবের ১০ প্রবীণ সাংবাদিককে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান মিজানুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান এবং নারী উদ্যোক্তা শামিমা সুলতানা শিলু।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সাংবাদিকতা পেশায় চার দশকের অবদান, নিষ্ঠা ও সমাজ গঠনে ভূমিকার জন্য ১০ প্রবীণ সাংবাদিককে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। তারা হলেন—দৈনিক প্রবাহ-এর সম্পাদক ও প্রকাশক আশরাফ-উল-হক, দ্য নিউ নেশন-এর খুলনা ব্যুরো প্রধান মুনির উদ্দিন আহমেদ, খুলনা গেজেট-এর নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, অনলাইন নিউজ পোর্টাল ‘চরচা’র বিশেষ প্রতিনিধি শেখ আবু হাসান, এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, ইউএনবি’র শেখ দিদারুল আলম, দৈনিক সময়ের খবর-এর নিউজ এডিটর মাসুদুর রহমান রানা, নতুন দিগন্ত-এর খুলনা ব্যুরো প্রধান মো. আনিসুজ্জামান, নয়া দিগন্ত’র খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী এবং সাপ্তাহিক কোলাহল-এর সম্পাদক মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, সমাজ পরিবর্তনেরও একটি শক্তিশালী হাতিয়ার। প্রবীণ সাংবাদিকদের সততা, সাহস ও বস্তুনিষ্ঠতার অভিজ্ঞতা তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।
এ ছাড়া খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের উপস্থিত সদস্যদেরও ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননা পাওয়া সদস্যরা হলেন সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন এবং নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) ও মো. আনিস উদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন