শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে ইলিশ ধরায় ১৪ জনের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে কারাদণ্ড এবং ১১ জনকে জরিমানা করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে ইলিশ ধরায় ১৪ জনের জেল-জরিমানা

অনলাইন ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ ধরায় ১৪ জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ২৬০ কেজি জাটকা ইলিশ, চারটি নৌকা ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের অভিযানে তাদের আটক করা হয়। পরে সকালে মতিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত মো. অরিফ হোসেন (৩০) ও মো. মাকসুদ হোসেনকে (২৯) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

মুজুচৌধুরীহাট এলাকায় আরও ১১ জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এর আগে রায়পুরে মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন হামলার শিকার হন। রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইনের ভাষ্য, হামলাকারীরা পাঁচ-ছয়টি নৌকা একত্র করে এবং তাদের নৌকায় আনুমানিক ১৩০ থেকে ১৪০ জন লোক ছিল। তিনি দাবি করেন, তাদের অনেকের হাতে অস্ত্র ছিল। পার্শ্ববর্তী উপজেলার কোস্ট গার্ডের চারটি স্পিডবোট যুক্ত হওয়ার পরও হামলাকারীদের আটক করা সম্ভব হয়নি।

অভিযানে নদী থেকে আরও কিছু অবৈধ জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা বলে জানা গেছে। রায়পুরে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি; তবে মামলা করার প্রস্তুতি চলছে।

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ রয়েছে। এ সময়ে নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালানো হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box