
অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, সাধারণ ভোটাররা যেন বিএনপির নেতাকর্মীদের সহনশীল হিসেবে দেখতে পান এবং তারা যেন ফ্যাসিবাদী আমলের মতো আচরণ না করেন। তৃণমূলের কর্মীদের সরকারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহিষ্ণুতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
রিজভী বলেন, পদ-পদবি বা কে কী পেলেন, তা নিয়ে ব্যস্ত না হয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। সারের ডিলার বা ঠিকাদারি পাওয়ার জন্য দীর্ঘদিনের সংগ্রাম বিসর্জন দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নাশকতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করতে পারে। এ জন্য পূজা কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারা, পর্যবেক্ষণ ও নজরদারির ব্যবস্থা করতে দলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দেশের অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রয়োজনীয় ডিজেল আমদানি করা যাচ্ছে না। শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনে ডিজেল জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকার সংকট মোকাবিলা করে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও তিনি দাবি করেন।
স্মরণসভায় আ স ম হান্নান শাহের রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন রিজভী। তিনি হান্নান শাহকে সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।
সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন