
অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৩ কোটি ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।
জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ জনকল্যাণমূলক কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
প্রশাসক জানান, প্রকল্পগুলোর মধ্যে রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ট ও গার্ডওয়ালসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ রয়েছে। জেলায় ১৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং প্রথম পর্যায়ের কাজের চেক হস্তান্তর করা হচ্ছে। পিআইসি ও টেন্ডারের মাধ্যমে ধারাবাহিকভাবে এসব উন্নয়নমূলক কাজ হবে বলে জানান তিনি।
মিজানুর রহমান চৌধুরী বলেন, সরকারের দেওয়া বরাদ্দ যাতে অপচয় না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। জেলা পরিষদের কর্মকর্তা ও প্রশাসক এসব কাজ পরিদর্শন করবেন বলেও জানান তিনি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে ইমাম, মুহতামিম, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ উন্নয়নমূলক কাজে এই ৩ কোটি ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন