
অনলাইন ডেস্ক: গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবিদুর রহমানসহ পরিচালকদের বিরুদ্ধে শত শত গ্রাহকের অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমিশনে জমা পড়ে। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর অভিযোগটি অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা ও একজন তদারককারী কর্মকর্তা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের নথিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
অনুসন্ধান চলাকালে অভিযোগ-সংশ্লিষ্ট কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা কোনো সম্পদ ও সম্পত্তি ক্রোক করা হলে তা লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করার নির্দেশনাও রয়েছে।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ, ওই অর্থের ব্যবহার, সম্ভাব্য আত্মসাৎ, বিদেশে অর্থ স্থানান্তর এবং চেয়ারম্যান ও পরিচালকদের সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হবে।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন