
অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে ইলিশ শিকারের অভিযোগে আটক ৩২ জেলের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালায়। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৩২ জেলেকে আটক করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। আটক জেলেদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অভিযানে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
শুক্রবার সকালে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন