শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নাটোরে সাবুদানা ও ভুট্টাদানার প্রতিমা, দর্শনার্থীদের মন জয়

নাটোরে দুর্গাপূজায় সাবুদানা ও ভুট্টাদানার আবরণে তৈরি প্রতিমা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে।
নাটোরে সাবুদানা ও ভুট্টাদানার প্রতিমা, দর্শনার্থীদের মন জয়

অনলাইন ডেস্ক: নাটোরে দুর্গাপূজার আয়োজন বৈচিত্র্যময় করতে সাবুদানা ও ভুট্টাদানার আবরণে প্রতিমা তৈরি করা হয়েছে। শহরতলীর চেয়ারম্যান রোডের ঘোষ পাড়ার শ্রীধর সার্বজনীন পূজামণ্ডপে সাবুদানা এবং শহরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে রামচন্দ্র মন্দিরের পূজামণ্ডপে ভুট্টাদানা দিয়ে প্রতিমা তৈরি করা হয়।

পূজার প্রথম দিন শুক্রবার রাতে রামচন্দ্র পূজামণ্ডপে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। অনেকে অঞ্জলি দিতে এবং অনেকে ব্যতিক্রমী প্রতিমা দেখতে সেখানে যান। নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মধ্যরাত পর্যন্ত মণ্ডপে উৎসবের আমেজ ছিল।

প্রতিমার ওপর ভুট্টাদানার আবরণ দিতে এলাকার ১৫ জন প্রায় দুই মাস ধরে কাজ করেন। এ কাজে তিন মণ ভুট্টা ব্যবহার করা হয়েছে। ভুট্টার সাদা অংশ কেটে আঠা দিয়ে প্রতিমার ওপর একে একে বসানো হয়।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দেব নাথ বলেন, দীর্ঘ সময়ের প্রচেষ্টা সার্থক হয়েছে, কারণ প্রথম দিনেই শত শত দর্শনার্থী প্রতিমা দেখতে এসেছেন। দর্শনার্থী শ্রাবণী বসাকের দাবি, ভুট্টাদানার আবরণে তৈরি প্রতিমাটি সম্ভবত দেশের মধ্যে প্রথম।

শ্রীধর সার্বজনীন পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ৮৫ কেজি সাবু ব্যবহার করা হয়েছে। মণ্ডপ কমিটির সভাপতি সুমন ঘোষ জানান, কারিগররা রাতদিন পরিশ্রম করেছেন। সাধারণ সম্পাদক তাপস ঘোষ আশা প্রকাশ করেন, এই প্রতিমাও দর্শনার্থীদের মন জয় করবে।

নাটোর জেলায় এ বছর ৪০৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বিভিন্ন মণ্ডপে অঞ্জলি, সংগীত ও ঢাকের বাদ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি মণ্ডপে একজন পুলিশ সদস্যের সঙ্গে ক্ষেত্রবিশেষে আনসারের ছয় থেকে আট সদস্য দায়িত্ব পালন করছেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box