শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প, শিক্ষাব্যবস্থা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্প এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা

সভায় সৌরবিদ্যুতের ব্যবহার, জেলার নামের বানান পরিবর্তন, ধানসিঁড়িসহ বিভিন্ন নদ-নদী খনন, বাসন্ডা সেতু, ছৈলার চর, ইকোপার্ক ও কালচারাল ভিলেজের উন্নয়ন, পেয়ারা বাগানের উন্নয়ন, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপনা, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ এবং স্পোর্টস ভিলেজ স্থাপনের বিষয় উঠে আসে।

এ ছাড়া জেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনসেবার মান বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মামুন আল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, গণপূর্ত ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box