শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহাঅষ্টমী

রাঙ্গামাটিতে ঢাকের বাদ্য, চণ্ডীপাঠ ও অঞ্জলির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী পূজা উদযাপিত হয়েছে।
রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহাঅষ্টমী

অনলাইন ডেস্ক: রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টার ধ্বনি ও পুরোহিতের বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সোমবার জেলায় আনন্দঘন পরিবেশে এ পূজা উদযাপিত হয়।

সকালে বিভিন্ন পূজামণ্ডপে মহাঅষ্টমীর বিহিত পূজা শুরু হয়। উপবাস পালন করে ভক্তরা মণ্ডপে সমবেত হয়ে দেবীর শ্রীচরণে অঞ্জলি নিবেদন করেন। এ সময় চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য ও উলুধ্বনিতে মণ্ডপগুলোতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সন্ধিপূজার মধ্য দিয়ে মহাঅষ্টমীর মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেবী দুর্গাকে ফলমূল, মিষ্টান্ন ও বিভিন্ন সামগ্রী দিয়ে বিশেষ ভোগ নিবেদন করা হয়। অঞ্জলি শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে ভক্তরা চণ্ডীপাঠ ও প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

গীতাশ্রম মন্দিরের সভাপতি শংকর হোড় জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় এবার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। তাঁর দাবি, মহাঅষ্টমীর দিন সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল বেশি।

আগামীকাল নবমী পূজার পর বিজয়া দশমীতে কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম সার্বজনীন দুর্গোৎসব শেষ হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box