
অনলাইন ডেস্ক: সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। বুধবার রাতে ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রক্রিয়াটি আরও কার্যকর ও যুগোপযোগী করতে স্টেকহোল্ডার, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিক এবং পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তিনি বলেন, গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ—সবাই যাতে সমানভাবে সুরক্ষা পান, সে জন্য টেকসই নীতিমালা প্রণয়নের লক্ষ্য রয়েছে। আইন সংশোধনের কার্যক্রম চলমান এবং অচিরেই এ বিষয়ে ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে তথ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ২৯ লাখ টাকা অনুদান দেন। রাতভর তিনি জেলা শহরের নয়টি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আন্দালিভ রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
পূজা কমিটির নেতৃবৃন্দের বরাত দিয়ে তথ্যমন্ত্রী জানান, এবার পূজা চলাকালে ভোলায় কোনো নিরাপত্তা-শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক বা কোনো নির্দিষ্ট পেশাজীবী নয়—রাষ্ট্রীয় আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধমূলক ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বলেন, তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন