শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরে নিহত ৩

যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরে নিহত ৩

অনলাইন ডেস্ক: যশোর-বেনাপোল মহাসড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড়ের কাছে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত আরেকজনের নাম আরিফুল ইসলাম জয়। তিনি শহিদুল ইসলামের ছেলে এবং যশোর পৌরসভার শংকরপুরের বেজপাড়ার বাসিন্দা। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমর ফারুক আব্দুল কাদেরের ছেলে এবং রাকিব রুহুল আমিনের ছেলে। দুজনই সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার বাসিন্দা। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সিয়াম, ওমর ফারুক ও রাকিব একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সিয়াম বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত অপর দুজন যশোরগামী মোটরসাইকেলে ছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আরিফুলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় নিশ্চিত করা এবং স্বজনদের খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box