
অনলাইন ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাই স্কুল মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনসঙ্গী খোঁজার ঐতিহ্যবাহী বউ মেলা গতকাল শুক্রবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ মেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।
মেলার উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু।
মেলা শুরুর আগে সকাল থেকেই মাঠে দোকানপাট ও গ্রামবাংলার বিভিন্ন প্রসাধনীর পসরা বসে। প্রতিবছর শারদীয় দুর্গাপূজার এক-দুই দিন পর এ মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় মানুষের কাছে এটি আদিবাসী বউ মেলা বা মিলন মেলা হিসেবে পরিচিত।
মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা জীবনসঙ্গী খোঁজার পাশাপাশি নিজেদের সংস্কৃতি বিনিময় করেন। আদিবাসী যুবতীরা বিভিন্ন রঙের শাড়ি পরে নাচ-গানের মাধ্যমে পূর্বপুরুষদের সংস্কৃতি তুলে ধরেন। দর্শনার্থীরাও এসব সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার ৪ শতাধিক বিবাহযোগ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণী মেলায় অংশ নেন। পারিবারিকভাবে আলোচনা করে তাদের অনেকের আগামী দু-এক মাসের মধ্যে বিয়ে সম্পন্ন হতে পারে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আদিবাসী নেতা জোকস টুডু বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ শিক্ষা ও সামাজিক সচেতনতায় এগিয়েছে। আদিবাসী নেতা ও স্কুল শিক্ষক হাবিব লাকড়া জানান, কিছু তরুণ-তরুণী ঐতিহ্যবাহী মিলন মেলার প্রথায় পরিবর্তন আনার আগ্রহ প্রকাশ করেছেন।
দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা জানান, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জীবনসঙ্গী খোঁজার এ মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন