
অনলাইন ডেস্ক: বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদন নবায়নের ফি নির্ধারণ করে বিদ্যুৎ বিধিমালা, ২০২০ সংশোধন করেছে সরকার।
নতুন নির্ধারিত ফি অনুযায়ী, ৫০ কিলোওয়াট বা তদূর্ধ্ব ক্ষমতাসম্পন্ন গ্রাহকের বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি উপকেন্দ্রের ক্ষমতাভেদে ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
লিফট, এনার্জি মিটার, ট্রান্সফরমারের তেল পরীক্ষাকারী প্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিদর্শন ও পরীক্ষার ফিও নির্ধারণ করা হয়েছে।
গত ১৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশিত হয়। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
নতুন তফসিল অনুযায়ী, ১০০ কেভিএ উপকেন্দ্রের পরিদর্শন ও পরীক্ষা ফি ২০ হাজার টাকা এবং অনুমোদন নবায়ন ফি ১০ হাজার টাকা। ২০০ কেভিএ উপকেন্দ্রের ক্ষেত্রে এ দুটি ফি যথাক্রমে ২৫ হাজার ও ১২ হাজার ৫০০ টাকা। ৫০০ কেভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি ৪০ হাজার টাকা এবং নবায়ন ফি ২০ হাজার টাকা।
এক এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ও পরীক্ষা ফি ৬০ হাজার টাকা এবং নবায়ন ফি ৩০ হাজার টাকা। ৫ এমভিএ উপকেন্দ্রের ক্ষেত্রে এ দুটি ফি এক লাখ ও ৫০ হাজার টাকা। ১০ এমভিএ উপকেন্দ্রের পরিদর্শন ফি এক লাখ ৪০ হাজার টাকা এবং নবায়ন ফি ৭০ হাজার টাকা।
উচ্চ ক্ষমতার উপকেন্দ্রের মধ্যে ২০ এমভিএর পরিদর্শন ও পরীক্ষা ফি দুই লাখ টাকা এবং নবায়ন ফি এক লাখ টাকা। ৫০ এমভিএর ক্ষেত্রে এ দুটি ফি চার লাখ ও দুই লাখ টাকা। ১০০ এমভিএর পরিদর্শন ফি সাত লাখ টাকা এবং নবায়ন ফি তিন লাখ ৫০ হাজার টাকা। ৫০০ এমভিএ উপকেন্দ্রের জন্য পরিদর্শন ও পরীক্ষা ফি ৩০ লাখ টাকা এবং অনুমোদন নবায়ন ফি ১৫ লাখ টাকা।
বিদ্যুৎ সিস্টেমে লিংকেজ পরীক্ষার ফি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ওয়্যারিং ডায়াগ্রামসহ সেফটি প্ল্যান অনুমোদনে ৫০ কিলোওয়াটের কম ব্যবহারের জন্য পাঁচ হাজার টাকা এবং ৫০ কিলোওয়াট বা তার বেশি ব্যবহারের জন্য ১০ হাজার টাকা দিতে হবে।
উপকেন্দ্রের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুমোদনে ১১ হাজার ভোল্ট পর্যন্ত সরঞ্জামের পরিদর্শন ও পরীক্ষা ফি ৫০ হাজার টাকা এবং নবায়ন ফি ২৫ হাজার টাকা। ৩৩ হাজার ভোল্ট বা তদূর্ধ্ব সরঞ্জামের ক্ষেত্রে এ দুটি ফি ৭৫ হাজার ও ৩৭ হাজার ৫০০ টাকা। ট্রান্সফরমারের তেল পরীক্ষাকারী প্রতিষ্ঠানের পরিদর্শন ও পরীক্ষা ফি ২০ হাজার টাকা এবং নবায়ন ফি ১২ হাজার ৫০০ টাকা।
এনার্জি মিটারের ক্ষেত্রে সিঙ্গেল ফেজে দুই হাজার, থ্রি-ফেজে পাঁচ হাজার এবং মেইন মিটার বা এইচটি মিটারে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বৈদ্যুতিক লিফটের আর্থিং পরীক্ষার ফি প্রতি ইলেকট্রোডে ৫০০ টাকা।
প্যাসেঞ্জার, ক্যাপসুল ও বেড লিফটের পরিদর্শন ও পরীক্ষা ফি ছয় হাজার টাকা এবং নবায়ন ফি তিন হাজার টাকা। কার্গো, গুডস, কার, ফায়ার ফাইটিং ও সার্ভিস লিফটের ক্ষেত্রে এ দুটি ফি যথাক্রমে ১০ হাজার ও পাঁচ হাজার টাকা।
তফসিলে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির ফি উল্লেখ না থাকলে সমজাতীয় ক্যাটাগরির আগের ও পরের ক্যাটাগরির ফি-এর আনুপাতিক হারে পরিদর্শন ফি নির্ধারণ করবেন সংশ্লিষ্ট পরিদর্শন কর্মকর্তা।
নির্ধারিত ফি কর-বহির্ভূত রাজস্ব হিসেবে ট্রেজারি চালান অথবা অনলাইনে এ-চালানের মাধ্যমে সরকারের নির্ধারিত কোডে জমা দিতে হবে। ভবন বা স্থানের দখলদারকে প্রযোজ্য ফি পরিশোধ করে চালানের মূল কপিসহ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে অনলাইনে আবেদন করতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের ২০১৪ সালের ২১ মে জারি করা পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা ও বিদ্যুৎ লাইসেন্সসংক্রান্ত আদেশটি রহিত করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন