শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কুমিল্লা সীমান্তে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
কুমিল্লা সীমান্তে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

অনলাইন ডেস্ক: কুমিল্লা (দক্ষিণ), ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস): জেলার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোরে উপজেলার সোনাপুর এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা বলে জানানো হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ শনিবার দুপুরে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান চালায়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box