শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপূজা আগামীকাল

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা আগামীকাল, ২৫ অক্টোবর।
লক্ষ্মীপূজা আগামীকাল

অনলাইন ডেস্ক: ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস): বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আগামীকাল। শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে ভক্তরা বিনিদ্র থেকে লক্ষ্মীর পূজা করেন বলে এই উৎসবকে কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মীপূজা বলা হয়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপূজা পালিত হবে ২৫ অক্টোবর রোববার। পূর্ণিমা তিথি শুরু হবে ২৫ অক্টোবর সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ২৬ অক্টোবর সকাল ৯টা ৪১ মিনিটে।

আশ্বিনী পূর্ণিমা ছাড়াও অনেকে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর বিশেষ পূজা করেন। কোনো কোনো অঞ্চলে দীপান্বিতা অমাবস্যায় সন্ধ্যায় লক্ষ্মীপূজার রীতিও প্রচলিত রয়েছে। ঘটে বা মূর্তিতে ব্যক্তিগত ও সর্বজনীনভাবে এই পূজা অনুষ্ঠিত হয়।

শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। তিনি উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত। লক্ষ্মীর বাহন প্যাঁচা।

কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে আসেন—এমন বিশ্বাস প্রচলিত আছে। এ কারণে পূজায় রাত্রি জাগরণের নিয়ম রয়েছে। ‘কোজাগরী’ শব্দের অর্থ কে জেগে আছো। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, যে বাড়ির দরজা বন্ধ থাকে এবং গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে লক্ষ্মী ফিরে আসেন।

লক্ষ্মীপূজার গুরুত্বপূর্ণ উপকরণের মধ্যে রয়েছে সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও জল। ঘরের আঙিনায় চালের গুঁড়োর আলপনায় লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা হয়। অনেকে উপবাসব্রত পালন করেন।

লক্ষ্মীকে নিয়ে প্রচলিত বিভিন্ন গল্প পূজার দিন পাঁচালি আকারে পাঠ করা হয়, যা লক্ষ্মীর পাঁচালি নামে পরিচিত।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box