
অনলাইন ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুরের চৌওড়ী এলাকায় একটি বাঁশঝাড় থেকে মোবারক হোসেন নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে চৌওড়ী শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাঁশবাগানে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদর বাজারের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। স্থানীয় বাজারে তিনি পরিচিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ছিল। তবে ওই পারিবারিক বিরোধের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে একটি ছুরি ও কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে। এসব আলামতের সঙ্গে মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বৃদ্ধ দর্জির মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন