
অনলাইন ডেস্ক: ঝিনাইদহ, ২৪ অক্টোবর ২০২৬: জেলার সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানান, সকালে বাড়ির পাশের রাস্তার ধারে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর সেখানে পৌঁছালে জাকিয়া দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, ট্রাক্টরের হর্ণ শুনে রাস্তা পার হতে গিয়ে শিশুটি নিচে চাপা পড়ে। ঘটনার পর ট্রাক্টরচালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ পালিয়ে যান বলে তিনি জানান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক্টরচালক মাসুদ পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন