
অনলাইন ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ৫৯টি মামলা হয়েছে। এর মধ্যে চুরি সংক্রান্ত ২টি, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ৩টি এবং অন্যান্য খাতে ৫৪টি মামলা রয়েছে। এ সময়ে খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। এছাড়া অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৬টি।
গ্রেফতার ১০৬ জনের মধ্যে পরোয়ানামূলে ৪৮ জন, সাজাপ্রাপ্ত ১ জন, তদন্তাধীন মামলায় ৪৩ জন এবং অন্যান্য, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থায় ৭ জন রয়েছেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে পৃথকভাবে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমনে রেঞ্জজুড়ে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৯ গ্রাম হেরোইন, ৩৮৬ পিস ইয়াবা এবং ৪৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশি সেবা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২ জন সেবাগ্রহীতাকে সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯২ জনে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন