শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সব তথ্য এক ঠিকানায় পেতে মাই নালিতাবাড়ী অ্যাপ

নালিতাবাড়ী উপজেলার ইতিহাস, দর্শনীয় স্থান, প্রতিষ্ঠান ও সেবার তথ্য এক প্লাটফর্মে দিতে ‘মাই নালিতাবাড়ী’ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু হয়েছে।
সব তথ্য এক ঠিকানায় পেতে মাই নালিতাবাড়ী অ্যাপ

অনলাইন ডেস্ক: শেরপুর, ২৮ অক্টোবর ২০২৬ (বাসস) : জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ইতিহাস-ঐতিহ্য, দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবার তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে চালু হয়েছে ‘মাই নালিতাবাড়ী’ (My Nalitabari) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এর মাধ্যমে একই প্লাটফর্মে উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক মঙ্গলবার (২৭ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটির উদ্বোধন করেন।

‘মাই নালিতাবাড়ী’র প্রতিষ্ঠাতা রোকুনুজ্জামান সেলিম জানান, উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য একটি প্লাটফর্মে তুলে ধরার লক্ষ্যেই ওয়েবসাইট ও অ্যাপটি তৈরি করা হয়েছে। এতে লগইন করে যে কেউ প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে পারবেন। পরে প্রশাসকের অনুমোদনের মাধ্যমে সেসব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি জানান, উদ্যোগটির মাধ্যমে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় তথ্য জানতে ও যুক্ত করতে পারবেন। পাশাপাশি উপজেলার ইতিহাস-ঐতিহ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সেবা, পর্যটন কেন্দ্র এবং স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জানা যাবে।

ইউএনও মো. আব্দুল মালেক বলেন, তথ্যবহুল ওয়েবসাইট চালুর উদ্যোগটি নালিতাবাড়ী উপজেলার পরিচিতি বাড়াতে সহায়তা করবে। তাঁর মতে, এখন থেকে ‘মাই নালিতাবাড়ী’ ওয়েবসাইট থেকেই উপজেলা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নালিতাবাড়ী প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানের জন্য পরিচিত। ওয়েবসাইট ও অ্যাপ চালুর ফলে এসব স্থানের পরিচিতি বাড়ানোর পাশাপাশি স্থানীয় তথ্যপ্রাপ্তি সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং অনলাইনে নালিতাবাড়ীর তথ্য তুলে ধরার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে ‘মাই নালিতাবাড়ী’র সহ-প্রতিষ্ঠাতা রুহুল আমিন, নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলামসহ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং সংগঠনের তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box