
অনলাইন ডেস্ক: মা ইলিশ রক্ষা এবং নিরাপদ প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মানিকগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়েছে। বুধবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে ১ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
অভিযানটি বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ আলী শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, শিবালয় নৌ পুলিশের ওসি শাহাদাত হোসেনসহ কোস্ট গার্ড, পুলিশ, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন