
অনলাইন ডেস্ক: আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠেয় সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে মেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পর্যায়ের যুব মেলাটিও আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন এবং বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হবে।
মেলা স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে মো. আমিনুল হক বলেন, এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির ভিত্তিতেই নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন