শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু

শচীন দেব বর্মনের স্মরণে কুমিল্লায় ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী ‘শচীন মেলা-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু

অনলাইন ডেস্ক: কুমিল্লা, ৩০ অক্টোবর ২০২৬ (বাসস): উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুর সম্রাট শচীন দেব বর্মনের স্মরণে কুমিল্লায় দুই দিনব্যাপী ‘শচীন মেলা-২০২৬’ আজ শুরু হচ্ছে।

‘মর্ত্যরে রাজ্য ছেড়ে, সুরের সাম্রাজ্যে’ প্রতিপাদ্য নিয়ে ৩০ ও ৩১ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ির প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হবে।

শিল্পীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলায় থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রথম দিন আজ শুক্রবার বিকেল ৩টায় নগরীর ইউসুফ হাই স্কুল থেকে শোভাযাত্রা বের করা হবে।

শচীন দেব বর্মনের জন্মদিন ১ অক্টোবর এবং প্রয়াণ দিবস ৩১ অক্টোবর। কুমিল্লা জেলা প্রশাসন প্রতি বছর তাঁকে স্মরণ করে এ মেলার আয়োজন করে।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।

প্রথম দিনের আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শচীন দেব বর্মনের সংগীত জীবন, সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর স্মৃতি ধারণ করাই এ মেলার উদ্দেশ্য।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box