শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ইভি ‘পিংক’ বাস পরিচালনার জন্য নারী চালকদের এক থেকে চার মাস মেয়াদি বিনামূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি।
ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন প্রশিক্ষণ দেবে বিআরটিসি

অনলাইন ডেস্ক: নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইভি ‘পিংক’ বাস পরিচালনার জন্য নারী চালকদের ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানিয়েছেন, প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের এক থেকে চার মাস মেয়াদি সম্পূর্ণ বিনামূল্যে ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষায়িত শীতাতপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) পিংক বাস চালুর প্রস্তুতি চলছে। বর্তমানে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু রয়েছে এবং এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা আছে।

ফাতেমা বেগমের ভাষ্য, পিংক বাস সার্ভিস মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না; মহানগরীসহ সারাদেশে নারীদের নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করাই এর লক্ষ্য।

বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউজ্জামান জানান, হালকা মোটরযানের লাইসেন্সধারী নারী চালকদের জন্য ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণরা ইভি পিংক বাস পরিচালনার সুযোগ পাবেন। প্রয়োজন সাপেক্ষে তাদের করপোরেশনের বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না। তবে ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বিআরটিসি ২১ থেকে ৩২ বছর বয়সী এবং কমপক্ষে পাঁচ ফুট উচ্চতার নারী প্রার্থীদের আবেদন করতে বলেছে। অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য। আবেদনকারীদের কমপক্ষে এক বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কর্মদিবসে সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি আনতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য মহিলা হোস্টেলে বিনামূল্যে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রশিক্ষণ শুরু হবে ১৭ নভেম্বর।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box